× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:১৩ এএম

তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরুর সিদ্ধান্ত আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:১৩ এএম

জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আজ রোববার (১০ মে) আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করা হলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেওয়ার কথা রয়েছে। এর আগে গত ৭ মে আদেশের দিন নির্ধারিত থাকলেও পরে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার চার আসামি হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

গত ২৬ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেন প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে তিনটি অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনাপ্রবাহ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বিষয় এবং ভিডিও ফুটেজে কয়েকজন আসামির উপস্থিতির তথ্যও তুলে ধরা হয়। প্রসিকিউশন দাবি করে, মামলায় অভিযোগ গঠনের জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে।

অন্যদিকে, গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানান। এক আসামির আইনজীবী সিফাত মাহমুদ শুভ শুনানিতে দাবি করেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এ ধরনের অপরাধ বিচারের জন্য পৃথক আইন বিদ্যমান রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, উসকানি, প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ মদদে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুর এলাকায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!