ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করেছে।
শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে হাদির জানাজা। জানাজার সময় আগতদের জন্য ডিএমপি বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার বাদ জোহর দক্ষিণ প্লাজায় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হবেন। এ কারণে মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
বিকল্প সড়কগুলো :
১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
২. ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।
৩. ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।
৪. আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
৬. মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭ গামী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।
৭. এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলোকে জানাজা চলাকালে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।
সব যানবাহন চালকদের আজ সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।
সে সঙ্গে নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আসা সর্বসাধারণকে কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন