নবগঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রেখে নীতিমালা জারি করেছে সরকার। ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ ও পদায়ন–সংক্রান্ত এই নীতিমালা জারি করা হয় রোববার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ ও পদায়ন নীতিমালা-২০২৬’ শিরোনামে প্রজ্ঞাপন জারি করে। এতে তিনটি পদের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও বাছাইপ্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। জাতীয় পর্যায়ের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তিন বছরের চুক্তিভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যাংকিং, ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসনে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
এমডি পদের জন্য প্রার্থীর ব্যাংকিং খাতে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তিনি কোনো ব্যাংকের বর্তমান বা সাবেক সিইও হতে পারবেন অথবা সিইও পদের ঠিক আগের পদে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, শরিয়াহ গভর্ন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্স পণ্য ও হিসাবায়ন বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। এ পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৬৫ বছর।
উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম ১৯ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং অব্যবহিত আগের পদে অন্তত দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বয়সসীমা ৪৫ থেকে ৬২ বছর।
মহাব্যবস্থাপক (জিএম) পদে চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত জিএম পর্যায়ের কর্মকর্তাদের বদলির সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বিলুপ্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকেও যোগ্যতা অনুযায়ী জিএম নিয়োগ দেওয়া যাবে। এ পদের জন্য কমপক্ষে ১৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬০ বছর।
নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রার্থী ঋণখেলাপি হলে, আর্থিক অনিয়মে জড়িত থাকলে, প্রতারণা বা জালিয়াতির অভিযোগ থাকলে কিংবা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘন করলে তিনি নিয়োগের অযোগ্য হবেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকতে হবে।
এমডি ও ডিএমডি নিয়োগের জন্য অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টার নেতৃত্বে আট সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হবে। জিএম পদের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ছয় সদস্যের পৃথক কমিটি থাকবে। নীতিমালা অনুযায়ী সাত ধাপে যাচাই ও অনুমোদন শেষে পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন