১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিশেষ প্রয়োজনে নির্ধারিত কয়েকজন কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে শুধু তারাই মোবাইল সঙ্গে রাখতে পারবেন, যারা ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন। যেমন—ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য। এই ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোনো ভোটার, প্রার্থী বা সংশ্লিষ্ট কেউ ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
বিশৃঙ্খলা রোধে এবার যুক্ত হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’। কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা বা গোলযোগ দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে বার্তা পাঠাতে পারবেন। এটি মূলত দ্রুত সাড়া প্রদান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।
সেই সঙ্গে এবারের নির্বাচনে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।
ইসি জানিয়েছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই প্রযুক্তিনির্ভর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

