ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে নিরাপত্তা জোরদার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:০০ পিএম
রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেইট, মহাখালী, রামপুরা, শ্যামলী ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সড়কে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি ভোটার এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। এই এলাকায় যত ভোটার আছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তাদের নিরাপত্তার জন্যই আমরা নিয়োজিত আছি। 

তিনি বলেন, আমরা সকাল থেকে এখানে চেকপোস্ট করছি। চেকপোষ্টে যেসব গাড়ি চলাচল কথা নয় এবং সরকার কর্তৃক যেসব যানবাহনকে সীমিতকরণ করা হয়েছে তাদেরকে ধরছি এবং আইনের হাতে সোপর্দ করছি। সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও বলেন, আমরা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি কেন্দ্রের টহল টিম রয়েছে।

এই সেনা কর্মকর্তা বলেন, ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা হলে সেক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা এটাকে মোটেও কোনও ছাড় দেব না বা প্রশ্রয় দেব না, সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাবো এবং যেকোনও মূল্যে প্রতিহত করবো। সকাল থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল পেয়েছি; সেগুলোকে আমরা জব্দ করেছি।