ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, তার নির্বাচনি কার্যক্রমে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনি বুথ ভাঙচুর করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ জানান তিনি।
পোস্টে জামায়াত আমির লেখেন, ‘আমার নির্বাচনি আসন ঢাকা-১৫-এর দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনি বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে—এই জাতি জুলাই পেরিয়ে এসেছে। পেশিশক্তির রাজনীতি শেষ হয়ে গেছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না।’
তিনি বলেন, যারা দেশের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।
জামায়াতের শীর্ষ নেতা বলেন, ‘ভয়ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের মনে যেভাবে দাঁড়িপাল্লা স্থান করে নিয়েছে, তার প্রতিফলন আগামী নির্বাচনে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন