রাজধানীর শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলি এলাকা থেকে মো. মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল জানান, আমরা খবর পেয়ে শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলি এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকা মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত মনিরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা, কেউ হয়তো তাকে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকার আব্দুল জলিলের বাড়িতে।

