ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:২৬ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি - সংগৃহীত

সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের পথে গণমাধ্যমের ভূমিকা রাজপথের কর্মীদের চেয়ে কোনো অংশে কম নয়। গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, নতুন সরকারের পক্ষ থেকে তিনি এবং প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ—সাংবাদিক, নীতিনির্ধারক, গণমাধ্যম উদ্যোক্তা ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। 

তিনি বলেন, গণমাধ্যমের প্ল্যাটফর্মগুলোও ছিল একেকটি আন্দোলনের ক্ষেত্র। আমরা অন্যান্য সহযোদ্ধাদের যেভাবে মূল্যায়ন করছি, গণমাধ্যমকেও সেভাবেই সম্মান জানানো হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, আমি জানি ভয়ের মধ্যে যারা বাস করে তা কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় যারা কাজ করেন তাদেরকে যদি সারাক্ষণ নজরদারির মধ্যে রাখতে হয়।

তিনি বলেন , প্রধানমন্ত্রীর পরিকল্পনার মধ্যেও গণমাধ্যম সংক্রান্ত সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। ইনশাআল্লাহ, সেই পরিকল্পনার আলোকে দেশে একটি ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ গড়ে তোলা হবে।