বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় নির্বাচনে জয়লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তারেক রহমান। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এবং দেশের প্রশাসনিক কার্যক্রমে শুরু হয়েছে নতুন অধ্যায়।
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সরকারি কার্যক্রম, নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন পরিকল্পনা, আন্তর্জাতিক সফর, বৈঠক ও গুরুত্বপূর্ণ ঘোষণাসহ যাবতীয় আপডেট দ্রুত নাগরিকদের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নতুন ভেরিফায়েড পেজ চালু করা হয়েছে।
নতুন পেজের নাম: Pmo Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়। এই পেজের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিক সংবাদ, ছবি, ভিডিও ও প্রেস বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশ করা হবে। নাগরিকরা সরাসরি এখান থেকেই প্রধানমন্ত্রীর কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে পারবেন।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা আঠারো মাস দেশ পরিচালনার দায়িত্ব পালন করে অন্তর্বর্তী সরকার। সেই সময়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Chief Advisor GOB’ নামের একটি পেজ সক্রিয় ছিল।
তবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর একই দিন রাতে গেজেট জারি করে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের শাসনভার ন্যস্ত হয়। পরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে এক ঘোষণায় জানানো হয়, এখন থেকে পেজটির সব কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ, অন্তর্বর্তী সরকারের তথ্য আপডেটের অধ্যায়েরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
কিন্তু এর কিছু সময় পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ সচল থাকবে বলে জানানো হয়েছে। তবে এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়। নতুন পোস্টে বলা হয়, ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।


