আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই। তবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মহাপরিচালক বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় শহীদ মিনারে র্যাবও মোতায়েন থাকবে। পুরো এলাকা ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হবে। আশা করি, নিরাপত্তার মধ্যে সবাই নিরাপদে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।
তিনি আরও জানান, শুধু শহীদ মিনার নয়; একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব মহাপরিচালক বলেন, আশা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আসবে। এখন থেকে বিভিন্ন দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।


