ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

র‌্যাব মহাপরিচালকের পদত্যাগের খবরটি ‘গুজব’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:১২ পিএম
র‍্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। ছবি : সংগৃহীত

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে রূপালী বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি নিজেই জানান, তার পদত্যাগের খবরটি গুজব।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পদত্যাগের খবর সঠিক নয়, এটি গুজব’।

২০২৪ সালের ৮ আগস্ট পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১১তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদের স্থলাভিষিক্ত হন।

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ায় বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখতে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এ কে এম শহিদুর রহমানকে ‘কন্টাক্ট পারসন’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর র‌্যাবের হাল ধরেন এ কে এম শহিদুর রহমান। তার নেতৃত্বেই র‌্যাব আবারও পূর্বের ইমেজ ফিরে পায়।

র‌্যাব ডিজি এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ বর্ণিল চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর জেলা এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ও সিএমপিতে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে সিএমপিতে পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও শহিদুর রহমান ডিআইজি হিসেবে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এবং রাজারবাগ পুলিশ টেলিকমে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন।

এ কে এম শহিদুর রহমান বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।

শহিদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।