জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি জানান, সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রশাসক জানান, প্রধান জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা অংশ নেবেন।
প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, এবার প্রায় ২৫,৪০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ঈদগাহ ময়দানে একসাথে প্রায় ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ ও পৃথক নামাজের সুব্যবস্থা রাখা হয়েছে।
প্যান্ডেল ও পরিবেশ: মুসল্লিদের আরামদায়ক ইবাদতের জন্য প্যান্ডেল, পর্যাপ্ত ফ্যান, লাইট এবং এসির ব্যবস্থা করা হয়েছে।
বৃষ্টির প্রস্তুতি: বৈরী আবহাওয়ার জন্য বৃষ্টি নিরোধক সামিয়ানা এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
অজু ও স্বাস্থ্যসেবা: ১৪০ মুসল্লি একসাথে অজু করতে পারবেন। প্রবেশপথে ও ঈদগাহে পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা এবং জরুরি প্রাথমিক চিকিৎসা ও ভ্রাম্যমাণ টয়লেটেরও ব্যবস্থা রয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা: ভিআইপি ও সাধারণ মুসল্লির জন্য মোট ৪টি প্রবেশ ফটক ও ৭টি বহির্গমন ফটক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সক্রিয় থাকবে।
তিনি মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে কোনোপ্রকার ধারালো বা দাহ্য পদার্থ সঙ্গে আনবেন না। প্রশাসক নগরবাসীকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে জানান, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে প্রধান জামাতে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান করা হলো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন