ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৮:৪৯ এএম
জ্বালানি তেল। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

নাসিমুল গনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, বিশেষ পরিস্থিতির কারণে সংসদ ভবনেই মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দীর্ঘ কর্মঘণ্টা এবং যানজট এড়ানোর বিষয়টি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নতুন কর্মঘণ্টাও নির্ধারণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

এ ছাড়া দোকানপাট, শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।