২০২৬ সালের হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রথম ফ্লাইটে থাকা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাদের কাছে দোয়া চান।
তিনি বলেন, আপনারা আল্লাহর মেহমান। আপনাদের যাদের আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয়েছে, আপনারা যদি হাত তুলে দোয়া করেন, আল্লাহ তা কবুল করবেন।
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া করতে। তিনি বলেন, দেশের সামনে থাকা নানা সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আল্লাহর সাহায্য কামনা করতে এবং সরকারের উন্নয়ন উদ্যোগগুলো সফল হওয়ার জন্য দোয়া করতে।
প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে হজযাত্রীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই হজ ব্যবস্থাপনার বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছিল। এরপরও বর্তমান সরকার প্রায় ১২ হাজার টাকা খরচ কমানোর চেষ্টা করেছে। ভবিষ্যতে আরও কম খরচে হজে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর মধ্যে ১২টি জেদ্দা এবং ২টি মদিনা বিমানবন্দরে অবতরণ করবে। এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছে ৬টি, আর সৌদি এয়ারলাইনস সাউদিয়া ও ফ্লাইনাস পরিচালনা করছে ৪টি করে ফ্লাইট। প্রথম দিনে মোট ৫ হাজার ৭৫৯ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন।
অনুষ্ঠানের শেষে হজযাত্রীদের নিরাপদ যাত্রা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সঙ্গে কথা বলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন