ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমান হাদি হত্যায় অস্ত্র সরবরাহকারীর দায় স্বীকার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অস্ত্র সরবরাহকারী হিসেবে অভিযুক্ত মাজেদুল হক হেলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মতি জানালে তদন্ত কর্মকর্তা আদালতে তা রেকর্ড করার আবেদন করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জবানবন্দি গ্রহণ করেন এবং শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১৫ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ মামলায় মাজেদুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

ঘটনার সূত্রপাত গত বছরের ১২ ডিসেম্বর। সেদিন জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। হামলার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একাধিক ধারায় অভিযোগ আনা হয়, যার মধ্যে হত্যাচেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগও ছিল।

গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও, ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর ২০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত মামলায় হত্যা ধারা সংযোজনের নির্দেশ দেন।

পরবর্তীতে, গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে চার্জশিটে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

সূত্র: বাসস