ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল, নতুন তারিখ ৫ মে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আদালত নতুন করে আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এই তারিখ নির্ধারণ করেন।

এ নিয়ে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় মোট ১২ দফা পিছিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার দুই দিন পর, ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।