কুমিল্লা থেকে ঢাকা রুটে চলাচলকারী নন-এসি বাসের ভাড়া ১০ টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে নতুন এই ভাড়া কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসের ভাড়া ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২৬০ টাকা করা হয়েছে। এছাড়া জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাড়া সমন্বয় করা হয়েছে।
কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার নির্ধারিত হারে যাত্রীপ্রতি ১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।
তবে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ ভাড়া বৃদ্ধির কারণে শুক্রবার সকালে বিভিন্ন টার্মিনালে যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডা দেখা গেছে। এক নিয়মিত যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি যাতায়াত খরচও এভাবে হঠাৎ বাড়ে, তাহলে সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন