কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, জনকল্যাণমূলক উদ্যোগ নিতে গেলেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।
সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। সেখানে তিনি বলেন, আল্লাহর রহমত ও এলাকার মানুষের দোয়া-ভালোবাসায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে সম্প্রতি লক্ষ্য করছেন, জনগণের কল্যাণে কাজ শুরু করলেই কিছু স্বার্থান্বেষী মহল তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, সংশ্লিষ্ট গোষ্ঠীর হাতে কোনো ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি নেই। ফলে তারা মানুষের জন্য কাজ করার বদলে তার অগ্রযাত্রা থামাতেই বেশি মনোযোগী হয়ে উঠেছে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে কুষ্টিয়ার সাধারণ মানুষের ওপর।
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার নির্বাচিত হওয়ার পর এসব অবৈধ কার্যক্রম আগের মতো নির্বিঘ্নে চালানো যাচ্ছে না। এতে করে সংশ্লিষ্টদের স্বার্থে আঘাত লাগায় তারা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, কুষ্টিয়ার মানুষের দেওয়া দায়িত্ব রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। কোনো ধরনের চাপ বা বাধার কাছে নতি স্বীকার করবেন না বলেও জানান তিনি।
শেষে তিনি এলাকাবাসীর প্রতি আস্থা প্রকাশ করে বলেন, অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতেও জনগণ তার পাশে থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় অপকর্মের সঙ্গে জড়িতদের প্রতিহত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন