উচ্চশিক্ষার মানোন্নয়ন ও টেকসই উৎকর্ষতার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যাপক মামুনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষার উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানের শিক্ষা কাঠামো গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফর করেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি ক্যাম্পাসে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।
ইউজিসির এ কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের।
এ ছাড়া সমাপনী আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান।


