পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ট্রেনযাত্রাকে নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১৬ মে) যাত্রীরা সংগ্রহ করতে পারছেন আগামী ২৬ মে’র ট্রেনের টিকিট।
রেলওয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
এদিকে ২৭ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হবে আগামী ১৭ মে। এ ছাড়া ঈদ শেষে ঘরমুখো যাত্রীদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। বাংলাদেশ রেলওয়ের গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন