রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা অ্যালবিনো বাফেলো বা সাদা মহিষ, যার নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মহিষটির খাঁচার পাশে থাকা পরিচিতিমূলক বোর্ডের সামনে দাঁড়িয়ে অনেক দর্শনার্থীকে সেলফি ও ছবি তুলতেও দেখা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দর্শনার্থীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ঈদের দ্বিতীয় দিন থেকে এল-০৭ নম্বর খাঁচার সামনে মানুষের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ বৈশিষ্ট্যের এই সাদা মহিষটি গত বুধবার রাতে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। পরদিন সকাল থেকেই নতুন এ অতিথিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বাড়তে শুরু করে। বিরল ও ব্যতিক্রমী বৈশিষ্ট্যের প্রাণী হওয়ায় এটি দেখতে মানুষের কৌতূহল দিন দিন বাড়ছে।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, দর্শনার্থীদের অবগতির জন্য মহিষটির খাঁচার সামনে একটি পরিচিতিমূলক ট্যাগ সংযুক্ত করা হয়েছে। সেখানে বাংলা ভাষায় ‘সাদা মহিষ’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে। প্রাণীটির অস্বাভাবিক সাদা রং ও ব্যতিক্রমী উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
গাজীপুর থেকে পরিবার নিয়ে চিড়িয়াখানা পরিদর্শনে আসা সিদ্দিকুর রহমান বলেন, চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণী দেখছিলাম। তবে একটি খাঁচার সামনে অনেক ভিড় দেখে কাছে গিয়ে দেখি সাদা মহিষ। এর আগে কখনও এমন মহিষ দেখিনি। দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবারের সবাই মিলে মহিষটির পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছি।
উল্লেখ্য, কোরবানির জন্য বহুল আলোচিত বিরল প্রজাতির অ্যালবিনো মহিষটি কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থানায় নিয়ে যান। পরে প্রাণীটিকে সংরক্ষণের জন্য জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন