শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সব ধরনের বৈষম্য দূর করে কারিগরি ও মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষক সংকট দূর করতে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ মো. আফতাব উদ্দীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষক নেই, সেখানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, তিন মাসের মধ্যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব হবে।
ফ্যাসিস্ট সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের সরকার অনেক কিছুই করেনি। বিভিন্ন স্থানে শিক্ষক সংকট রয়েছে, যা মামলার জটিলতার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল। এবার হাইকোর্ট বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন এবং তারা মামলার জট খুলে দিচ্ছেন। হাইস্কুলে শিক্ষক নিয়োগ হবে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানেও শিক্ষক দেওয়া হবে। কলেজে শিক্ষক নিয়োগ হয় পিএসসির মাধ্যমে, তাই কিছুটা সময় লাগবে। তবে বেশি সময় লাগবে না। আমাদের বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে। কেন জানেন? কারণ আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। আমি জানি, এ জায়গাটি অত্যন্ত কঠিন জায়গা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নুরুল আলম সিকদার, গোলাম মোমিত ফয়সাল, মাহমুদুর রহমান রিপন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন