ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের আক্ষেপ করে বলেছেন, ‘ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, যেমনটা আজ ছাত্রদল পিটিয়েছে।’
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাসপাতালে তাকে দেখতে গেলে ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে মারধরের শিকার হন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
এই হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
ঘটনার পর আহত জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে নেওয়া হয়। এ সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ একদল মানুষ অবস্থান নেন।
প্রায় এক ঘণ্টার বেশি সময় এমন পরিস্থিতি চলার পর তাদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হয়, যেখানে তারা চিকিৎসাধীন আছেন।

