শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। দুদিন পর তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং বনানী কবরস্থানে দাফন করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই ক্রীড়া সংগঠক কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, দিনটি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সকাল থেকে বনানী কবরস্থানে কোরআন খতম, সকাল সাড়ে ৯টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা বনানীতে তার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন। বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন চলছে। এ ছাড়া বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এক-এগারোর সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যান তিনি। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন।


