ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:২৪ এএম
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির নেতাকর্মী ও সংসদ সদস্যরা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় তিনি স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া করেন। এ সময় তার সঙ্গে দলটির নেতাকর্মী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।