ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাপান গেলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:৩০ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সরকারি সফরে জাপান গেছেন। শনিবার রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সফরে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, এই সফরকালে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার গুরুত্বপূর্ণ বিদেশ সফরগুলোর একটি। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।