ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আল আকসার প্রবীণ মুয়াজ্জিন শেখ নাজি আল কাজ্জাজের ইন্তেকাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:৫১ এএম
আল আকসার প্রবীণ মুয়াজ্জিন শেখ নাজি আল কাজ্জাজ। ছবি : সংগৃহীত

পবিত্র আল আকসা মসজিদের সুমধুর আজানের ধ্বনি আর শোনা যাবে না তার কণ্ঠে। কয়েক দশক ধরে জেরুজালেমবাসীকে নামাজের আহ্বান জানানো প্রবীণ মুয়াজ্জিন শেখ নাজি আল কাজ্জাজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

শনিবার (১৮ এপ্রিল) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরদিন রোববার (১৯ এপ্রিল) আল আকসা মসজিদ প্রাঙ্গণে হাজারো মুসল্লির উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায় জন্ম নেওয়া শেখ নাজি আল কাজ্জাজ ছোটবেলা থেকেই আল আকসার আধ্যাত্মিক পরিবেশে বেড়ে ওঠেন। আল আকসায় আজান দেওয়া ছিল তাদের পারিবারিক ঐতিহ্য। জেরুজালেমের বিখ্যাত ‘আল কাজ্জাজ’ পরিবারটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই পবিত্র দায়িত্ব পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় মাত্র ১৪ বছর বয়স থেকে ১৯৭৮ সালে তিনি মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

শেখ আল কাজ্জাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিসরের ধর্মবিষয়ক মন্ত্রী ওসামা আল আজহারি। এক শোকবার্তায় তিনি বলেন, “নাজি আল কাজ্জাজ আল আকসা মসজিদের সেবায় নিবেদিত এক জীবন অতিবাহিত করেছেন। তাঁর সুমধুর কণ্ঠ কয়েক দশক ধরে জেরুজালেমবাসী ও বিশ্বজুড়ে আসা দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।”

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ছিলেন নিষ্ঠা ও আন্তরিকতার এক অনন্য দৃষ্টান্ত। তার কণ্ঠস্বর আল আকসার পরিচয় এবং চেতনার এক জীবন্ত প্রতীক হিসেবে বিবেচিত হতো। দীর্ঘ ৪৬ বছরেরও বেশি সময় ধরে তিনি নিরবচ্ছিন্নভাবে ইসলামের এই তৃতীয় পবিত্রতম স্থান থেকে মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন।

শেখ নাজি আল কাজ্জাজের প্রয়াণে জেরুজালেমের স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার আজানের ভিডিও শেয়ার করে শোক প্রকাশ করছেন।