ফুটবল বিশ্বে যখন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে শ্রেষ্ঠত্বের বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন এক মত প্রকাশ করে আলোচনার জন্ম দিলেন। বিশ্বকাপের চলমান উন্মাদনার মাঝে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মেসি-রোনালদো নন; তার চোখে সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের কিংবদন্তি পেলে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'ডিএজেডএন'-এর সঙ্গে আলাপকালে ট্রাম্প তার ফুটবল প্রীতির কথা তুলে ধরেন। তিনি জানান, বহু বছর আগে যখন তিনি তরুণ ছিলেন, তখন যুক্তরাষ্ট্রে 'কসমস' দলের হয়ে পেলের খেলা দেখার সুযোগ হয়েছিল তার।
সেই স্মৃতিচারণ করে ট্রাম্প বলেন, "পেলের খেলা সরাসরি দেখার পরই আমি নিশ্চিত হয়েছিলাম যে, তিনিই সর্বকালের সেরা ফুটবলার। আমি নিজেকে পুরনো ধাঁচের মানুষ মনে করি, যেমনটি বেসবলের ক্ষেত্রে বেব রুথের নাম নেওয়া হয়; ফুটবলের ক্ষেত্রে পেলে সত্যিই অসাধারণ ছিলেন।"
ট্রাম্প জানান, সেই ম্যাচটি হয়েছিল বর্তমানের মেটলাইফ স্টেডিয়ামের আগের এক সংস্করণে, যা মেডোল্যান্ডস এলাকাতেই অবস্থিত ছিল। তখনকার সেই স্টেডিয়ামটি দর্শকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল। নিজের বয়সের কথা সরাসরি উল্লেখ না করলেও, বহু বছর আগের সেই অভিজ্ঞতাই তাকে পেলের ভক্তে পরিণত করেছে বলে জানান তিনি।
এদিকে, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরেও ব্যাপক ব্যস্ততা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। ফাইনালে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে তার।
চলমান বিশ্বকাপে মেসি ও রোনালদো নিজ নিজ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। জর্ডানের বিপক্ষে গোল করে মেসি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েছেন। অন্যদিকে, সমালোচনার জবাব দিয়ে উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে ফিরে এসেছেন রোনালদো। এরপরও তাদের ছাপিয়ে পেলের প্রতি ট্রাম্পের এই বিশেষ অনুরাগ ফুটবল মহলে নতুন করে পেলের অনন্য শৈল্পিক ফুটবলকেই সামনে নিয়ে এল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন