ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:২৬ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। মাঠের এই দাপুটে পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে আইসিসির সবশেষ প্রকাশিত সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে। 

ব্যাটারদের তালিকায় বড় উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারি, আর বোলারদের মধ্যে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন লেগ স্পিনার রাবেয়া খান।

বাছাইপর্বে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি লড়াকু হাফ সেঞ্চুরিসহ ৪ ইনিংসে ১৫৬ রান করে তিনি এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। 

এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে উঠে এসেছেন তিনি, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

আরেক ব্যাটার সোবহানা মোস্তারিও পিছিয়ে নেই। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করে তিনি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২ নম্বরে উঠেছেন। যদিও তিনি কোনো ফিফটি পাননি, তবে তার ইনিংসগুলো বাংলাদেশকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করেছে। 

বোলারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের জন্য রয়েছে সুখবর। দলের প্রধান স্পিন অস্ত্র রাবেয়া খান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। বাছাইপর্বের প্রথম চার ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি বর্তমানে বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন।