ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারত ও আইসিসির পক্ষে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:১৩ পিএম
ইনজামাম-উল-হক, সাবেক পিসিবি প্রধান খালিদ মাহমুদ ও মোহসিন খান। ছবি : সংগৃহীত

২০২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থানে এবার ঘি ঢেলে দিলেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক বোর্ড কর্মকর্তারা। বাংলাদেশকে সমর্থন জানানোর নামে টুর্নামেন্ট বয়কট করার যে ‘হুমকি’ পিসিবি দিচ্ছে, তাকে স্রেফ ‘যুক্তিহীন’ ও ‘আত্মঘাতী’ বলে আখ্যা দিয়েছেন তারা।

সাবেক ক্রিকেটাররা জানান, আবেগের বশবর্তী হয়ে আইসিসি ও বিশ্ব ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নষ্ট করা পাকিস্তানের জন্য চরম ক্ষতির কারণ হবে।

ভারত থেকে বাংলাদেশের ম্যাচ না সরানোর প্রতিবাদে এবং বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে পাকিস্তান এখনো তাদের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেনি। 

পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে সরকার সিদ্ধান্ত দেবে পাকিস্তান খেলবে কি না। 

কিন্তু এই সিদ্ধান্তকে মোটেও ইতিবাচকভাবে নিচ্ছেন না সাবেক ক্রিকেটাররা। তাদের মতে, পাকিস্তান যেখানে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, সেখানে বয়কটের প্রশ্ন তোলা অবান্তর।

পিসিবির সাবেক সচিব আরিফ আলী আব্বাসি বলেন, বাংলাদেশকে সমর্থন করা এক বিষয়, আর টুর্নামেন্ট বয়কট করে আইসিসি ও অন্যান্য সদস্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করা সম্পূর্ণ অন্য বিষয়। 

এতে লাভটা কী হবে? পাকিস্তান না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা, বিশেষ করে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচগুলো না হলে বড় রাজস্ব হারাবে সবাই।

সাবেক পিসিবি প্রধান খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশকে পাকিস্তান ছাড়া অন্য কোনো বোর্ড সমর্থন দেয়নি। আইসিসির সভায় একা হয়ে পড়া বাংলাদেশের জন্য পাকিস্তানের নিজের ভাগ্য বাজি রাখা মোটেও বুদ্ধিমত্তার পরিচয় নয়।

পাকিস্তানের সাবেক দুই ব্যাটিং স্তম্ভ মোহসিন খান এবং ইনজামাম-উল-হক সাফ জানিয়েছেন, বিশ্বকাপ থেকে দূরে থাকা মানে নিজেদের পায়ে কুড়াল মারা।