ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাহানারার যৌন নিপীড়ন অভিযোগে যা পেল কমিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:০৩ পিএম
জাহানারা আলম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে দীর্ঘ ৫৪ দিনের তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। গতকাল (২ ফেব্রুয়ারি) থিসিস পেপারের আদলে দুই খণ্ডের একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি।

গত বছরের ৯ নভেম্বর নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা আলম। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। 

কমিটির নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম, সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা।

বিসিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এই প্রতিবেদনটি হস্তান্তর করেন।

প্রাথমিকভাবে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সাক্ষ্যগ্রহণ ও তথ্য যাচাইয়ের জটিলতায় প্রায় দুই মাস সময় লেগেছে। গত ৩১ জানুয়ারি তদন্ত কার্যক্রম সমাপ্ত হয় এবং গতকাল তা নথিবদ্ধ আকারে জমা দেওয়া হয়।

বিসিবি জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদনের মূল অংশ বা ‘চুম্বক অংশ’ সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।

তবে বোর্ডের একটি সূত্র জানায়, যেভাবে অভিযোগের ঢেউ উঠেছিল, তদন্তে সেটি কমই প্রমাণ হয়েছে। আর বেশির ভাগ ঘটনা ২০২১ সালের বলে বর্তমান বোর্ড সে সবের দায়ভার নেবে না।