ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলেই মাঠে নামার ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:৪০ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির সঙ্গে চলমান অচলাবস্থা নিরসন এবং রাজনৈতিক জটিলতা কাটিয়ে মাঠে নামার পথ খুঁজছে পিসিবি।

সূত্রমতে, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা’র সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বৈঠকের পর এই বরফ গলার খবর পাওয়া গেছে। যদিও পিসিবির কিছু কর্মকর্তা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলতে রাজি, কিন্তু বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

চূড়ান্ত সিদ্ধান্তের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পরামর্শ করবেন বলে জানা গেছে। 

বোর্ডের অভ্যন্তরীণ সূত্র বলছে, ম্যাচটি আয়োজনের ব্যবসায়িক দিক এবং আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকির কথা চিন্তা করে পাকিস্তান সরকার এবার নমনীয় মনোভাব দেখাতে পারে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গ্রিন সিগন্যাল অপেক্ষায় রয়েছে পিসিবি। গ্রিন সিগন্যাল পেলেই ভারতের বিপক্ষে মাঠে নামার ঘোষণা আসবে পিসিবির পক্ষ থেকে।

এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের যে ‘হাইব্রিড মডেল’ বর্তমানে চলছে, তা ২০২৭ সাল পর্যন্ত কার্যকর রয়েছে। তবে পাকিস্তান ও বাংলাদেশ যৌথভাবে আইসিসির কাছে এই চুক্তি ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। চুক্তিটি ২০৩১ সাল পর্যন্ত বর্ধিত হলে পাকিস্তান ওই বিশ্বকাপে তাদের সব ম্যাচ বাংলাদেশে খেলবে, ভারতে নয়।