টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দিনে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। দলের প্রধান পেসার মাথিশা পাথিরানা মাত্র চার বল করেই চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে পাথিরানার চোটের দুশ্চিন্তা ছাপিয়ে দুর্দান্ত দলগত প্রচেষ্টায় অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে লঙ্কানরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ইনিংসের তৃতীয় ওভারে এই ঘটনা ঘটে। নিজের প্রথম ওভারের চতুর্থ বলটি করার পরই বাম পায়ে তীব্র অস্বস্তি অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সি এই গতিতারকা। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর দলের সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী পাথিরানা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। চোটের প্রকৃত অবস্থা জানতে তাকে স্ক্যান করানো হবে।
দলের প্রধান ডেথ বোলার হিসেবে পাথিরানার এই সম্ভাব্য ইনজুরি শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে হ্যামস্ট্রিং ইনজুরিতেই আসর থেকে ছিটকে গেছেন দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।


