ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দ্য হানড্রেডের নিলামে ২৩ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেড-এর নিলামে এবার নাম দিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। তালিকায় আছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনের মতো খেলোয়াড়দের পাশাপাশি সাব্বির রহমান ও মোহাম্মদ নাঈমরাও। তবে নিলামে নাম দেননি সাকিব আল হাসান।

বাঁহাতি পেসার মোস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে এক লাখ পাউন্ডে, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। বাকি ২১ জনেরই ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে নির্ধারণ করা হয়েছে।

এই ২১ ক্রিকেটারের মধ্যে রয়েছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

জানা গেছে, এবারের নিলামে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার খেলোয়াড় নিবন্ধন করেছেন। নিলাম অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ লন্ডনে।

দ্য হানড্রেড টুর্নামেন্টে বাংলাদেশি কেউ আগে খেলেননি। আসন্ন আসরে বাংলাদেশ থেকে জায়গা পেতে পারেন মোস্তাফিজ ও রিশাদ। কারণ দুজনই সেরা ছন্দে রয়েছেন। দুজনই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইতিমধ্যেই দল পেয়েছেন। রিশাদ সম্প্রতি বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে নিজের প্রথম মৌসুমে ১৩ উইকেট নেন।