ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লিটন-আফিফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৩১ পিএম
আফিফ হোসেন ও লিটন দাস। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আগামী সপ্তাহে মিরপুরে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে ফিরলেন অভিজ্ঞ ওপেনার লিটন দাস। একইসঙ্গে দলে ফিরেছেন অলরাউন্ডার আফিফ হোসেন এবং পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

তবে সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি দুই নিয়মিত পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

২০২৩ সালের ডিসেম্বর থেকে ওয়ানডে ফরম্যাটে টানা আট ইনিংসে দুই অঙ্কের কোটা পার করতে পারেননি লিটন দাস। অফ-ফর্মে থাকা সত্ত্বেও তার প্রায় ১০০ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে নির্বাচক প্যানেল। 

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, লিটনকে এবার মিডল অর্ডারের শক্তি বাড়াতে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা আফিফ হোসেনকে ফেরানো প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, আফিফ সব সময়ই আমাদের পরিকল্পনায় ছিল। সে অভিজ্ঞ এবং বর্তমানে ভালো ফর্মে আছে। মিডল অর্ডারে আমরা বেশ কয়েকজনকে সুযোগ দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা জায়গা পাকা করার মতো পারফর্ম করতে পারেনি।

পেস বোলিং আক্রমণে গতির ঝড় তুলতে নাহিদ রানাকে ফেরানো হয়েছে। সঙ্গে থাকছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে ডান হাতের টেনিস এলবো ইনজুরির কারণে নেই হাসান মাহমুদ এবং পিঠের সমস্যার কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তানজিম সাকিবকে। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। 

একনজরে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।