ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে অস্থিরতা, আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। চলতি মার্চ মাসেই সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইয়ে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

তবে আকাশসীমায় নিরাপত্তা ঝুঁকি ও বিমান চলাচল ব্যাহত হওয়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) জন্য এটি ছিল একটি বিশেষ আয়োজন। প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে নিজেদের ‘হোম সিরিজ’ হিসেবে আমিরাতের মাটিতে তাদের স্বাগত জানানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছিল তারা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ মার্চ থেকে ২৫ মার্চের মধ্যে এই সিরিজটি সম্পন্ন হওয়ার কথা ছিল।

সূচি অনুযায়ী, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। 

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন করা খেলোয়াড় ও সংশ্লিষ্টদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আফগান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনার ভিত্তিতে নতুন সূচি বা বিকল্প ভেন্যু নিয়ে কাজ করবে বলে জানা গেছে।