ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারী ক্রিকেটারদের সঙ্গে কী কথা হলো রাশনা ইমামের?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০১:০০ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তিন মাসের জন্য গঠিত অ্যাডহক কমিটির পথচলা শুরু হয়েছে গত মঙ্গলবার। দায়িত্ব গ্রহণের পর প্রথম শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে জাতীয় নারী দলের ক্রিকেটারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন নারী উইংয়ের নবনিযুক্ত চেয়ারম্যান রাশনা ইমাম।

শনিবারের এই সভায় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অভিজ্ঞ কোচ সারওয়ার ইমরান এবং নির্বাচক সালমা খাতুন উপস্থিত ছিলেন। 

এ ছাড়া সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বৈঠকে অংশ নেন নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন ও ফারজানা হক পিংকি। সভায় নারী ক্রিকেটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে এটি ছিল ক্রিকেটারদের প্রথম আনুষ্ঠানিক পরিচয় পর্ব। বৈঠকে চেয়ারম্যান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে অবগত হন। 

এ ছাড়া ক্রিকেটারদের সুযোগ-সুবিধা, দীর্ঘদিনের সমস্যা ও তা নিরসনের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করেন রাশনা ইমাম। তিনি ক্রিকেটারদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সামনেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দলের প্রস্তুতি ও মাঠের সুযোগ-সুবিধা নিয়ে কোচ ও অধিনায়কের কাছ থেকে খোঁজখবর নেন নারী উইংয়ের চেয়ারম্যান। 

চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে লঙ্কানরা। শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই বড় মিশনে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় নারী দল।