নারী ক্রিকেটে একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন নিউজিল্যান্ডের তিন কিংবদন্তি ক্রিকেটার সুজি বেটস, সোফি ডিভাইন এবং লিয়া তাহুহু।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করার সময় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আনুষ্ঠানিকভাবে এই তিন তারকার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে।
আসন্ন এই মেগা ইভেন্টে কিউইদের নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার অ্যামেলিয়া কার। ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাদের সমন্বয় ঘটিয়েছে কিউই বোর্ড।
দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার নেন্সি প্যাটেল এবং উইকেটরক্ষক-ব্যাটার ইজি শার্প। এছাড়া বাঁহাতি পেসার ব্রি ইলিং, পলি ইনগ্লিস ও ফ্লোরা ডেভনশায়ারও প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছেন।
নিউজিল্যান্ডের ক্রিকেটে সুজি বেটস, সোফি ডিভাইন ও লিয়া তাহুহু—এই তিন নাম এক দীর্ঘ ইতিহাসের অংশ। সুজি বেটস চলতি মাসের শুরুতেই নিজের শেষ মিশনের ঘোষণা দিয়েছিলেন।
বুধবার ডিভাইন ও তাহুহু সেই তালিকায় যুক্ত হওয়ায় একটি বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট।
কোচ বেন সয়ার জানান, আমাদের তিনজন সিনিয়র ক্রিকেটারের একই সাথে ক্যারিয়ার শেষ করা একটি বিরল ও বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে। দলের জন্য তাদের অবদান অতুলনীয়।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে নিউজিল্যান্ড এবার গ্রুপ ২-এ লড়বে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের মূল আসরের আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নেবে কিউই মেয়েরা। এরপর ৬ ও ৯ জুন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
অ্যামেলিয়া কার (অধিনায়ক), সুজি বেটস, সোফি ডিভাইন, ফ্লোরা ডেভনশায়ার, ইজি গেজ, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ব্রি ইলিং, পলি ইনগ্লিস, জেস কার, রোজমেরি মেয়ার, নেন্সি প্যাটেল, জর্জিয়া প্লিমার, ইজি শার্প ও লিয়া তাহুহু।



