ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রিয়াল মাদ্রিদ ছাড়লেন জাবি আলোনসো, কোচ হলেন আরবেলোয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০১:৩২ পিএম
আলভারো আরবেলোয়া। ছবি : সংগৃহীত

স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাবি আলোনসো। সোমবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোর সঙ্গে চুক্তির ইতি টানা হয়েছে। তার জায়গায় ক্লাবের রিজার্ভ দল কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়াকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত আসে সুপারকোপা দে এস্পানার ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের এক দিন পর। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওই ম্যাচে শিরোপা হাতছাড়া করে রিয়াল।

৪৪ বছর বয়সি জাবি আলোনসো গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে তিন বছরের চুক্তিতে রিয়ালের দায়িত্ব নেন। তবে এক বছরেরও কম সময়ের মধ্যেই তার অধ্যায় শেষ হলো।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি। তিনি সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধ ধারণ করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘর হয়ে থাকবে।

আলোনসোর অধীনে মৌসুমের শুরুটা ভালোই করেছিল রিয়াল। লা লিগায় প্রথম ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পায় দলটি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে ভাটা পড়ে। লিভারপুল, সেল্টা ভিগো ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হার এবং খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে।

এ সময় তার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কয়েকজন খেলোয়াড়। বিশেষ করে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বদলি হওয়া নিয়ে প্রকাশ্য অভিযোগ বেশ আলোচনায় আসে।

বর্তমানে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়নস লিগে আলোনসোর অধীনে ছয় ম্যাচে চারটি জয় নিয়ে ভালো অবস্থানে আছে দলটি।

এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন জাবি আলোনসো। পরে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ২০২৪ সালে ক্লাবটির ইতিহাসে প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতান তিনি।

নতুন কোচ আলভারো আরবেলোয়া রিয়ালের সাবেক খেলোয়াড়। ৪২ বছর বয়সি এই সাবেক রাইটব্যাক ক্লাবটির হয়ে সাত মৌসুমে ২৩৮টি ম্যাচ খেলেছেন। এবার তিনি দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদের মূল দলের হাল ধরার।