ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রিয়ালের নতুন কোচ কে এই আলভারো আরবেলোয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০২:০২ পিএম
আলভারো আরবেলোয়া। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদের নতুন প্রধান কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ জাবি আলোনসোর সঙ্গে পারস্পরিক চুক্তির মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার পর আরবেলোয়াকে এই দায়িত্ব দেওয়া হলো।

আলভারো আরবেলোয়া রিয়াল মাদ্রিদের সমর্থকদের কাছে অত্যন্ত পরিচিত এবং প্রিয় একটি নাম।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে তিনি ২৩৮টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২বার চ্যাম্পিয়নস লিগ এবং ১ বার লা লিগা জেতার স্বাদ পেয়েছেন।

২০২০ সাল থেকে তিনি রিয়ালের যুব একাডেমিতে কাজ করছেন। গত বছরের জুন থেকে তিনি রিয়ালের দ্বিতীয় দল ‘কাস্তিল্লর প্রধান কোচ’ ছিলেন। তার দুর্দান্ত পারফরম্যান্স দেখেই তাকে মূল দলের কোচ হিসেবে বেছে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

আরবেলোয়া শুধু ক্লাবের হয়েই সফল নন, স্পেনের সোনালি প্রজন্মের সদস্য হিসেবে তিনি ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো কাপ জিতেছেন।

কেন বিদায় নিলেন জাবি আলোনসো?

২০২৫ সালে বায়ার লেভারকুসেন থেকে বড় আশা নিয়ে রিয়ালে এসেছিলেন জাবি আলোনসো। শুরুতে সফল হলেও সম্প্রতি কিছু সমস্যা দেখা দেয়! দলের প্রধান খেলোয়াড়দের চোট ও কিছু খেলোয়াড়ের সঙ্গে অভ্যন্তরীণ মতপার্থক্য।

সবশেষ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হার। যদিও ক্লাব তাকে ‘কিংবদন্তি’ হিসেবে সম্মান জানিয়ে বিদায় দিয়েছে।

কোচ হিসেবে আরবেলোয়ার প্রথম পরীক্ষা হতে যাচ্ছে আগামী বুধবার। কোপা দেল রে-এর রাউন্ড অব সিক্সটিনে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের মুখোমুখি হবে তার দল।