স্প্যানিশ লা লিগায় আজ রাতে লেভান্তের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লস ব্লাঙ্কোস শিবিরে বইছে অস্থিরতার হাওয়া। একদিকে শিরোপা লড়াইয়ে বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়া, অন্যদিকে দলের তারকা কিলিয়ান এমবাপ্পের ইনজুরি—সব মিলিয়ে বেশ চাপে আছেন নতুন কোচ আলভারো আরবেলোয়া।
গত কয়েক সপ্তাহ ধরে এমবাপ্পের ফিটনেস নিয়ে ধোঁয়াশা থাকলেও অবশেষে জানা গেছে, লেভান্তের বিপক্ষে ম্যাচে তিনি থাকছেন না। বার্সেলোনার বিপক্ষে সুপার কাপের ম্যাচে পুরোপুরি ফিট না হয়েও খেলেছিলেন তিনি, যা তার চোটের অবস্থাকে আরও জটিল করে তুলেছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদী ঝুঁকির কথা চিন্তা করেই এই ফরাসি ফরোয়ার্ডকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাবি আলোনসোর বিদায়ের পর রিয়ালের দায়িত্ব নেওয়া আরবেলোয়ার শুরুটা মোটেও সুখকর হয়নি। কোপা দেল রে-তে দ্বিতীয় বিভাগের দল আলবেস্তের কাছে ৩-২ গোলে হেরে বসে। ওই ম্যাচে এমবাপ্পের অভাব প্রকটভাবে ফুটে উঠেছিল। লেভান্তের বিপক্ষে জয় না পেলে কোচ হিসেবে আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে দ্রুতই প্রশ্ন উঠতে শুরু করবে।
এমবাপ্পের অনুপস্থিতিতে আক্রমণের দায়িত্ব গিয়ে পড়বে তরুণ তুর্কি গঞ্জালো গার্সিয়া এবং ভিনিসিয়ুস জুনিয়রের ওপর। বিশেষ করে গঞ্জালো গত কয়েক ম্যাচে গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।


