ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন সোবোসলাই? 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৫৮ পিএম
দমিনিক সোবোসলাই। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের প্রায় সব বড় তারকারই স্বপ্ন থাকে ক্যারিয়ারের কোনো না কোনো সময়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলার। কিলিয়ান এমবাপ্পে বা ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের মতো নামগুলো এই তালিকায় নতুন নয়। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো লিভারপুলের হাঙ্গেরিয়ান তারকা দমিনিক সোবোসলাইকে নিয়ে।

তবে এই গুঞ্জন কোনো সাধারণ ট্রান্সফার গুজব নয়। সরাসরি এমন ইঙ্গিত দিয়েছেন হাঙ্গেরি জাতীয় দলের কোচ মার্কো রসি। ‘উইনউইন’ কে দেওয়া এক সাক্ষাৎকারে রসি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ সোবোসলাইয়ের দীর্ঘদিনের স্বপ্ন।

রসি বলেন, খুব ছোটবেলা থেকে ওকে চিনি। ওর সাথে আমার সম্পর্ক খুব কাছের। রিয়াল মাদ্রিদে খেলা সবসময়ই ওর স্বপ্ন ছিল।

লিভারপুলে এই মৌসুমে দলের পারফর্মেন্স খুব একটা স্থিতিশীল নয়। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে থাকলেও, প্রিমিয়ার লিগে টেবিলের ষষ্ঠ স্থানে থাকায় দলটির ভেতর অস্থিরতা চলছে। কোচ আর্নে স্লটের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

এমন টালমাটাল পরিস্থিতিতেও লিভারপুলের অন্যতম উজ্জ্বল তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সোবোসলাই। কোচ রসি মনে করেন, এই মুহূর্তে লিভারপুল ছেড়ে মাদ্রিদে যাওয়াটা খুব একটা সহজ হবে না।

রসি আরও যোগ করেন, সে এই পদক্ষেপটি নিতে পারবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। এটা পুরোপুরি তার এবং ক্লাবের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে আমি লিভারপুলে তার থেকে যাওয়ার এবং চুক্তি নবায়নের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। সে লিভারপুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ক্লাবটিও বিশ্বের অন্যতম সেরা।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে সর্বশেষ ম্যাচে এরলিং হালান্ডকে ফাউল করে লাল কার্ড দেখার কারণে প্রিমিয়ার লিগে আগামী তিন ম্যাচে নিষিদ্ধ হয়েছেন সোবোসলাই। অথচ ওই ম্যাচেই একটি অবিশ্বাস্য ফ্রি-কিক থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন তিনি, যা আর্সেনালের বিপক্ষে করা তার আরেকটি দুর্দান্ত গোলের কথা মনে করিয়ে দেয়।

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলে ৯টি গোল করেছেন এই হাঙ্গেরিয়ান মিডফিল্ডার।