বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জাদুতে এবার আরও একবার মাতোয়ারা হলেন বর্তমান সময়ের জনপ্রিয় মার্কিন পপ আইকন ও গ্র্যামি জয়ী গায়িকা সাবরিনা কার্পেন্টার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার আইকনিক ‘আকাশী-সাদা’ জার্সিতে তার একটি ভিডিও রীতিমতো ঝড় তুলেছে।
নিজের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, পুয়ের্তো রিকান র্যাপার ব্যাড বানি-র মিউজিকের তালে নাচছেন সাবরিনা। তবে সবার নজর কেড়েছে তার পরনে থাকা লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপজয়ী রেপ্লিকা জার্সিটি।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওলে, ওলে, ওলে আর্জেন্টিনা।’
যদিও ভিডিওটি গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের এনএফএল ‘সুপার বোল’ ইভেন্টের বিরতির সময় ধারণ করা হয়েছিল, তবে সাবরিনা এটি পোস্ট করার জন্য বেছে নিয়েছেন মোক্ষম সময়।
বর্তমানে তিনি দক্ষিণ আমেরিকা সফরে রয়েছেন এবং গত সপ্তাহেই আর্জেন্টিনার জনপ্রিয় ‘লোলাপালুজা’ মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করেছেন।
মেসি ও আর্জেন্টিনার প্রতি সাবরিনার এই অগাধ ভালোবাসা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০২৩ সালে জনপ্রিয় গায়িকা টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এর ওপেনিং অ্যাক্ট হিসেবে পারফর্ম করার সময় মঞ্চে দাঁড়িয়ে সরাসরি মেসির নাম নিয়েছিলেন তিনি।
সে সময় তিনি ছন্দ মিলিয়ে বলেছিলেন— ‘যখন আমি বেডরুমে থাকি, তখন নিজেকে মনে হয়; সে বল নিয়ে খেলছে, সে আমাকে মেসি বলে ডাকে। আর্জেন্টিনা, তুমি কি আমার প্রিয় বন্ধু হবে?’


