ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগ যখন মাঠের উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই মাঠের বাইরের এক খবরে সরগরম ফুটবল বিশ্ব। পর্তুগিজ কোচ হোসে মরিনহোর আবারও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে পর্তুগালের সংবাদমাধ্যমগুলোতে এখন রীতিমতো উন্মাদনা চলছে।
দীর্ঘ এক দশক পর ‘স্পেশাল ওয়ান’ কি আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সব জায়গায়।
পর্তুগালের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এ বোলা’ বলছে, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তার প্রিয় কোচকে আবারও ডাগআউটে ফেরাতে অত্যন্ত আগ্রহী।
সংবামাধ্যমটি আরও জানায়, পেরেজ এবং মরিনহোর মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং মরিনহো নিজেও রিয়ালে ফেরার ব্যাপারে নিজের সন্মতি জানিয়েছেন।
এদিকে মরিনহোর বর্তমান ক্লাব বেনফিকাকে কেন্দ্র করে বিস্ফোরক খবর প্রকাশ করেছে ‘ও জোগো’। সংবাদমাধ্যমটির ভাষ্যমতে, মরিনহোর মাদ্রিদ গমনের সংবাদে লিসবন ক্লাবটিতে এক ধরণের স্থবিরতা বা ‘শক’ বিরাজ করছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, মরিনহো যেকোনো মুহূর্তে স্তাদিও দা লুজ-এর মায়া ত্যাগ করে মাদ্রিদের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন।
ফুটবল অঙ্গনে হোসে মরিনহো বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের ডাগআউটে থাকা এই কোচ আবারও সেখানে ফিরলে সেটি হবে চলতি মৌসুমের অন্যতম বড় চমক।


