ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইয়ামালের কণ্ঠে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের প্রতিশ্রুতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:৩৯ পিএম
লামিনে ইয়ামাল। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে গত রোববার লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। এই অর্জনে কাতালানদের ইতিহাসের পাতায় নতুন এক রেকর্ড লিখে ফেললেন মাত্র ১৮ বছর বয়সী বিস্ময়বালক লামিনে ইয়ামাল। 

বার্সেলোনার জার্সিতে প্রথম দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার লা লিগা জয়ের স্বাদ পেলেন তিনি। ক্লাবের দীর্ঘ ইতিহাসে এত কম বয়সে তিনটি লিগ শিরোপা জয়ের রেকর্ড আর কারো নেই।

সোমবার (১১ মে) বার্সেলোনার রাজপথে আয়োজিত ট্রফি প্যারেডে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন এই লা মাসিয়া গ্র্যাজুয়েট। বাসের ওপর থেকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইয়ামাল বলেন, ‘এটি সত্যিই অবিশ্বাস্য। গুরুত্বপূর্ণ সময় হোক কিংবা কঠিন মুহূর্ত—সমর্থকরা সবসময় আমাদের পাশে থাকে। এটি আমাদের জীবনের ক্লাব। আমরা সবসময় তাদের জন্য লড়ব।’

ইতিমধ্যেই ইয়ামালের ঝুলিতে ৩টি লা লিগা, ২টি স্প্যানিশ সুপার কাপ এবং ১টি কোপা দেল রে ট্রফি যুক্ত হয়েছে। তবে একের পর এক ঘরোয়া শিরোপা জিতেও তৃপ্ত নন এই তরুণ ফরোয়ার্ড। 

প্যারেড চলাকালীন সমর্থকদের উপচে পড়া ভিড় দেখে তিনি বলেন, আজ সোমবার, সবার কাজ থাকার কথা, কিন্তু দেখুন মানুষ তবুও আমাদের সাথে আছে। আমাদের প্রতিটি শিরোপাকে গুরুত্ব দিতে হবে কারণ এটি অর্জন করা সহজ নয়। অনেক কঠিন সময় পার করে আমরা এখন এই জয় উপভোগ করছি।

ঘরোয়া সাফল্য পেলেও ইয়ামালের আসল লক্ষ্য এখন ইউরোপ সেরা হওয়া। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়েছিল বার্সেলোনাকে। 

সেই আক্ষেপ ঘুচিয়ে ভবিষ্যতে ইউরোপিয়ান শিরোপার প্যারেড করার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ইয়ামাল। সমর্থকদের সামনে তিনি ঘোষণা দেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ প্যারেড? অবশ্যই আমরা করব।’