মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে দুই ওপেনারকে দ্রুত হারানোর ধাক্কা সামলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।
আজ শুক্রবার (০৮ মে) সকালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।
ব্যাট হাতে ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তবে সেই ধারা বজায় রাখতে পারেননি তিনি। দলীয় ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৮ রানে শাহীন শাহ আফ্রিদির বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।

জয়ের বিদায়ের কিছুক্ষণ পরই আবারও উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩১ রানের মাথায় ব্যক্তিগত সংগ্রহ বড় করার আগেই হাসান আলীর বলে ক্যাচ দিয়ে বিদায় নেন আরেক ওপেনার সাদমান ইসলাম।
দ্রুত দুই ওপেনারকে হারিয়ে দল যখন চাপে, তখন দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। তৃতীয় উইকেটে এই দুজনের প্রতিরোধে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভার শেষে ২ উইকেটে ৮৭ রান। শান্ত ৪১ বলে ২৮ রানে এবং মুমিনুল ৪৮ বলে ২৮ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের পক্ষে এখন পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন