রাজধানী ঢাকার আকাশ আজ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সারাদেশে রাত ও দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


