ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, নিহত ৫

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১০:০৬ এএম
ইসরায়েলি হামলায় নিহতদের পাশে ফিলিস্তিনিরা শোক প্রকাশ করছেন। ছবি- সংগৃহীত

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজা শহরের পূর্বাঞ্চলে একটি স্কুলের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে দাবি করেছে সংস্থাটি।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, তুফাহ এলাকায় অবস্থিত ‘গাজা শহীদ স্কুল’-এ আশ্রয় নেওয়া মানুষের ওপর গোলাবর্ষণের পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলটি বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকার তথাকথিত ‘ইয়েলো লাইন’ এলাকায় পরিচালিত অভিযানের সময় তারা কয়েকজন ‘সন্দেহভাজন ব্যক্তিকে’ শনাক্ত করে।

সেনাবাহিনীর দাবি, শনাক্ত হওয়ার পর সম্ভাব্য হুমকি মোকাবিলায় ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ঘটনায় হতাহতের দাবির বিষয়ে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই সঙ্গে তারা দাবি করে বলেন, অভিযানে জড়িত নন—এমন ব্যক্তিদের ক্ষতির জন্য তারা দুঃখ প্রকাশ করছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী ইয়েলো লাইনের পূর্বাঞ্চলে অবস্থান নিয়েছে। তবে গত অক্টোবর থেকে কার্যকর এই যুদ্ধবিরতি এখনও নাজুক অবস্থায় রয়েছে। ইসরায়েল ও হামাস—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে, যা নিয়ে মধ্যস্থতাকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।