ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

থানার সামনে বোমা বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ৩

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:১০ এএম
ছবি-সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি থানার বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে শহরের ইয়েলেতস্কায়া সড়কে এ ঘটনা ঘটে।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, থানা সামনে দাঁড়িয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তির কাছে যান দুই ট্রাফিক পুলিশ সদস্য। এ সময় ওই ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য ও গাড়ির পাশে থাকা আরেক ব্যক্তি নিহত হন।

নিহত দুই পুলিশ সদস্যের বয়স যথাক্রমে ২৪ ও ২৫ বছর। ২৫ বছর বয়সী পুলিশ সদস্যের স্ত্রী ও ৯ মাসের একটি সন্তান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার মাত্র দুই দিন আগে একই এলাকায় রুশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ফানিল সারভারভ গাড়িবোমা হামলায় নিহত হন। তবে সর্বশেষ বিস্ফোরণের পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।