ফিলিস্তিনের পশ্চিম তীরে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনি যুবকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এক ইসরায়েলি সৈন্য।
বৃহস্পতিবার ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সেনা সদস্য। ঘটনার পর তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্রও কেড়ে নেওয়া হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা ওই সেনা কাঁধে বন্দুক ঝুলিয়ে অল-টেরেইন ভেহিকল নিয়ে নামাজরত যুবকের দিকে এগিয়ে যান। পরে সরাসরি তাকে ধাক্কা দেন। এতে যুবকটি মাটিতে ছিটকে পড়েন। এরপর ওই সেনা চিৎকার করে তাকে এলাকা ছাড়তে নির্দেশ দেন।
ভুক্তভোগীর বাবা মাজদি আবু মাখো বার্তা সংস্থা এএফপিকে বলেন, তার ছেলে বর্তমানে বাড়িতে আছেন। তবে দুই পায়ে তীব্র ব্যথা অনুভব করছেন। তিনি অভিযোগ করেন, ভিডিওতে না দেখা গেলেও ওই সেনা তার ছেলের চোখে পেপার স্প্রে ছিটিয়েছিলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাঁচ দিনের জন্য গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও ওই ব্যক্তি গ্রামে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ক্ষেত্রে একটি রেকর্ড বছর।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। ২৫১ জনকে অপহরণ করা হয়। এর জবাবে ইসরায়েলের টানা দুই বছরের অভিযানে গাজায় এ পর্যন্ত প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকই নারী ও শিশু।

